সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এবার সবচেয়ে পিছিয়ে সিলেট। এসএসসি (উচ্চমাধ্যমিক) পরীক্ষায় অংশ নেওয়া সিলেটের প্রায় অর্ধেক শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ।
গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ, যা গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম।
এবার গত বছরের তুলনায় পরক্ষার্থীর সংখ্যাও কম ছিল সিলেটের। গত বছরের তুলনায় শিক্ষার্থী কমেছে ১২ হাজার ৭৯৮ জন।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।
পাসের হার কমা প্রসঙ্গে সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন বলেন, পরিবর্তিত সিলেবাস ও শিক্ষক সঙ্কটের কারণে পাসের হার কমেছে।
পাশের হার কমলেও বেড়েছে জিপিএ ৫ এর সংখ্যা। এ বছর সিলেট শিক্ষাবোর্ডের ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন।
বিভাগে পাসের হারে এগিয়ে সিলেট জেলা আর সর্বনিম্ন পাশের হার সুনামগঞ্জ জেলার।
বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালে সিলেটে পাসের হার ছিলো ৭৮.৮২ শতাংশ, ২০২৩ সালে ৭৬.০৬ শতাংশ, ২০২৪ সালে ৭৩.০৫ শতাংশ, ২০২৫ সালে ৬৮.৫৭ শতাংশ এবং চলতি বছরে ৫৮.৩৩ শতাংশ।
এদিকে ফলাফল বিশেষণে দেখা যায়, গত ৫ বছর ধরে সিলেটে ধারাবাহিকভাবে কমেছে পাসের হার।

রিপোর্টারের নাম 






















