বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের অধীনে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
দুই দিনের এই সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য অংশগ্রহণ করছেন। এ ছাড়া জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, দেশি-বিদেশি শিক্ষাবিদ ও শিক্ষা গবেষকসহ ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব, সুশাসন, শিক্ষাদানের মান বৃদ্ধি, আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন, শিল্পখাত-বিশ্ববিদ্যালয় যৌথ সহযোগিতা, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা, আধুনিক কারিকুলাম প্রণয়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
আগামীকাল ২২ আগস্ট (শনিবার) বিকেল ৩টায় দুই দিনব্যাপী এই সংলাপের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
ইউজিসি জানিয়েছে, সংলাপ থেকে আসা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সুপারিশগুলো সংকলন করা হবে, যা ভবিষ্যতে হিট প্রকল্পের কার্যক্রমে বাস্তবায়নের পাশাপাশি দেশের উচ্চশিক্ষার টেকসই মানোন্নয়নে মূল নীতি-কৌশল হিসেবে ব্যবহৃত হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























