আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক দুটি গোলের সাক্ষী ফুটবলটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৪১ কোটি টাকার বেশি।
টেক্সাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস শনিবার বলটি বিক্রি করে। প্রতিষ্ঠানটি বলটির দাম অন্তত ১ কোটি ডলার হতে পারে বলে আশা করেছিল। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার অর্ধেকেরও কম দামে এটি বিক্রি হয়।
বলটি ১৯৮৬ বিশ্বকাপে ব্যবহৃত অ্যাডিডাস আজতেকা মডেলের। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে ম্যারাডোনা এই বল দিয়েই দুটি ঐতিহাসিক গোল করেছিলেন।
ম্যাচের ৫১ মিনিটে গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের লড়াইয়ে উঠে বাঁ হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। রেফারি আলি বিন নাসের ঘটনাটি স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। পরে ম্যারাডোনা এই গোলকে রসিকতা করে ‘ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাতের’ মিশেল বলে বর্ণনা করেছিলেন। সেই গোলই ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত।
এর মাত্র চার মিনিট পর ম্যারাডোনা করেন ম্যাচের দ্বিতীয় গোল। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একাধিক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করেন তিনি। পরবর্তীতে ফিফার ভোটে গোলটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়।
ঐতিহাসিক এই বলটি দীর্ঘদিন ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে ছিল। ২০২২ সালে ৩৬ বছর পর প্রথমবার এটি নিলামে তোলা হয়। সে সময় গ্রাহাম বাড অকশনে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ২০২৩ সালে আবার নিলামে তোলা হলেও সংরক্ষিত মূল্য না ওঠায় সেটি বিক্রি হয়নি।
এবার নতুন করে নিলামে তোলার পর ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে বিক্রি হলো বলটি।
তবে ম্যারাডোনার ঐতিহাসিক ম্যাচের জার্সির দাম ছিল আরও বেশি। ২০২২ সালে সোথবিজের নিলামে জার্সিটি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়, যা সে সময় ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়া সামগ্রীর জন্য রেকর্ড ছিল।
সূত্র: আনাদুলু এজেন্সি

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 























