ফুল, শিক্ষা-সামগ্রী ও নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
অধ্যাপক আতিকুর রহমান ও অধ্যাপক মোর্শেদা বিনতে হাবিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম। এ সময় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শুকরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা-সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরু, শিক্ষা, গবেষণা, ক্যাম্পাসের সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পথচলা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রায়হান রোহানঃ 

























