সোমবার (৩১ আগস্ট) মেসির অবসরের খবর নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে শেয়ার করেন মরগান। পোস্টে তিনি জানান, আর্জেন্টিনার হয়ে ১২৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি দ্বিতীয় স্থানে রয়েছেন।
মরগানের ভাষায়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ১৪৬ গোল করেছেন, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। কে ইতিহাসের সেরা খেলোয়াড় – এ নিয়ে যে বিতর্ক, এটি সেটিরও নিষ্পত্তি করে দিয়েছে।’
রোনালদোর সঙ্গে মরগানের ব্যক্তিগত ঘনিষ্ঠতার বিষয়টি অবশ্য নতুন নয়। পর্তুগিজ তারকার সঙ্গে তার বন্ধুত্বের কারণে মেসি-রোনালদোর দীর্ঘদিনের ‘GOAT’ বিতর্কে মরগানের মন্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নিজের সিদ্ধান্ত যে সহজ ছিল না, সেটিও স্পষ্ট করেছেন মেসি। তিনি বলেন, ‘এটি ছিল একটি বেদনাদায়ক সিদ্ধান্ত, যা এখনো আমাকে ভেতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময়টা এসে গেছে।’
আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের দায়বদ্ধতার কথাও স্মরণ করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার ভাষায়, ‘আমি ওয়াদা করে বলতে পারি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি। শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, যখন আমরা সবকিছু অর্জন করেছি; তার আগেও আমি এই দেশের জন্য সবসময় লড়েছি এবং নিজের সর্বোচ্চটা দিয়েছি। ফুটবলের মাধ্যমে তোমাদের খুশি করতে এবং আর্জেন্টাইন হিসেবে গর্বিত বোধ করাতে আমি সবসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।’ মেসির অবসরের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো ২১ বছরের এক বর্ণাঢ্য অধ্যায়।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 
























