বুধবার রাতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নামেন নেইমাররা। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে একই ব্যবধানে শেষ চারে পৌঁছে যায় পালমেইরাস। আর তাতেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজে সান্তোসের।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসন্তোষ প্রকাশ করে নেইমার লেখেন, ম্যাচের ঠিক একদিন আগে মাঠে অসম কাজ করায় পুরো গালিচা গর্তে ভরা ছিল। তাঁর মতে, তাঁদের প্রতিপক্ষ কেবল পালমেইরাস ছিল না, নিজেদের ঘরের মাঠের বিরুদ্ধেও যুদ্ধ করতে হয়েছে। মাঠের বিশৃঙ্খল অবস্থার কারণে খেলোয়াড়দের ওপর শারীরিক চাপ কয়েকগুণ বেড়ে যায় বলেই একার্ধে তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের শিকার হয়েছেন।
নেইমারের এই তির্যক মন্তব্যের জবাব দিতে দেরি করেনি পালমেইরাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘নুব্যাঙ্ক পারক’ স্টেডিয়ামের চমৎকার পরিচর্যা ও সমতল ঘাসের প্রশংসা করে এক বার্তা দেয় ক্লাবটি। নিজেদের মাঠকে সম্পূর্ণ গর্তমুক্ত ও খেলোয়াড়দের জন্য নিরাপদ দাবি করে পালমেইরাস উল্লেখ করে, বিগত পাঁচ বছরে ব্রাজিলের সিরি আ-তে তাদের খেলোয়াড়দের কম চোট পাওয়ার পেছনে ভালো মাঠের বড় অবদান রয়েছে।
উল্লেখ্য, কেবল ঘরোয়া কাপ টুর্নামেন্টেই নয়, ব্রাজিলিয়ান লিগেও চরম সংকটে রয়েছে সান্তোস। বর্তমানে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে থাকা দলটি রেলিগেশন জোন থেকে মাত্র চার পয়েন্ট দূরে অবস্থান করছে।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 






















