ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক স্কুলশিক্ষামন্ত্রী ও দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) নেতা অনবিল মহেশ পোইয়ামোঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেসরকারি স্কুলের লাইসেন্স ও সরকারি অনুমোদন পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি ৮০ লাখ টাকা) ঘুষ নেওয়ার অভিযোগে আজ সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চেন্নাই পুলিশের কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি) এ গ্রেপ্তার অভিযান চালায়। সরকারি অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের অভিযোগের তদন্তে এখন পর্যন্ত ১৭৭টি স্কুলকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর বেসরকারি স্কুলগুলোর স্থায়ী স্বীকৃতি, শ্রেণি বা শিক্ষার স্তর উন্নীতকরণ, পরিকল্পনা অনুমোদনসহ বিভিন্ন সরকারি ছাড়পত্র পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তামিলনাড়ুর বেসরকারি স্কুলগুলোর সংগঠন ফেডারেশন অব অ্যাসোসিয়েশনস অব প্রাইভেট স্কুলসের সম্পাদক ইলঙ্গোভানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।
তদন্তে সংগৃহীত ডিজিটাল তথ্যপ্রমাণ এবং জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্যের ভিত্তিতে সাবেক মন্ত্রীকে মামলার আসামি করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
তবে অনবিল মহেশ অভিযোগ অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা চ্যালেঞ্জ করেছেন।
আজ মাদ্রাজ হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। আদালতের এ সিদ্ধান্তের পরই তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডিএমকে অভিযোগ করেছে, তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলতে তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে। দলটির প্রধান এম কে স্টালিন এর আগে এ ধরনের তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 























