পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এই ভূকম্পনে দুই দেশের একাধিক অঞ্চলে কেঁপে ওঠে জনপদ। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই দুই দেশের বিভিন্ন এলাকা থেকে কম্পন অনুভূত হওয়ার খবর আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে এসব এলাকায় হতাহত কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। রয়টার্স জানিয়েছে, প্রাথমিকভাবে কম্পনটির মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করা হলেও পরবর্তী সময়ে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার গভীরে।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা ছাড়াও উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় পাকিস্তান ও আফগানিস্তানে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। তবে এবারের কম্পনে দুই দেশে বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 






















