গতকাল শুক্রবার (০৮ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে মক্কার নির্বাচিত কিছু স্কুলে সশরীরে উপস্থিতির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষাকার্যক্রম পরিচালিত হবে।
মক্কা অঞ্চলের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এসব স্কুলে অনলাইন ক্লাস চলবে। শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতেই এই অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে হজের ব্যস্ততম সময়েও শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।
প্রতিবছর হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলিম মক্কায় সমবেত হন। এতে শহরজুড়ে জনসমাগম ও যান চলাচল কয়েক গুণ বেড়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলের নিয়মিত যাতায়াত কমিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণ করা হবে। ফলে হাজি ও সেবা কাজে নিয়োজিত কর্মীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে মসজিদুল হারাম সংলগ্ন কেন্দ্রীয় এলাকা এবং প্রধান সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখা সম্ভব হবে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 























