ইতালি থেকে নিজ দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে আবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি প্রবাসীরা। ২০২৫ সালে ইতালিতে বসবাসরত অভিবাসীরা মোট ৮.৬ বিলিয়ন ইউরো নিজ দেশে পাঠিয়েছেন, যার মধ্যে সবচেয়ে বড় অংশই গেছে বাংলাদেশে।
ইতালির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকা দি ইতালিয়া এবং গবেষণা প্রতিষ্ঠান ফন্ডাজিওনে লেওনে মোয়ারেসা-এর যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশে পাঠানো হয়েছে প্রায় ১.৭ বিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৩০০ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, এটি ইতালি থেকে মোট রেমিটেন্সের ১৯.৬ শতাংশ। এ তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে ভারত ও মরক্কো। মিলানে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রফিকুল আলম বলেন, প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠানোর ধারাবাহিকতা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে।
তিনি জানান, ২০১৯ সাল থেকে টানা ছয় বছর ইতালি থেকে রেমিটেন্স গ্রহণে বাংলাদেশ শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ২০১৯ সালে ৬৬২ মিলিয়ন ইউরো থেকে শুরু করে ২০২৫ সালে তা বেড়ে ১.৭ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
গবেষণায় দেখা গেছে, ইতালিতে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী গড়ে মাসে প্রায় ৬৫৪ ইউরো দেশে পাঠান, যা অন্যান্য অভিবাসী গোষ্ঠীর তুলনায় সর্বোচ্চ। এছাড়া অনানুষ্ঠানিক চ্যানেল যোগ করলে মোট রেমিটেন্সের পরিমাণ ৯.৯ থেকে ১২.৫ বিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।
লোম্বার্দিয়া অঞ্চল থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো হয়, এরপর রয়েছে লাৎসিও ও এমিলিয়া-রোমানিয়া অঞ্চল। রোম ও মিলান শহর থেকেই মোট রেমিটেন্সের বড় অংশ আসে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















