আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নীলফামারীর জলঢাকায় দুস্থ, গরীব ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে।
আজ (২৭ মে) জলঢাকা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিশেষ অনুদান বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে এই ঈদ উপহার ও অনুদান তুলে দেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওবায়দুল্লাহ সালাফী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী এবং নীলফামারী জেলা বিএনপির অন্যতম সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী বলেন, “পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সরকার ও দল সেই লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সুমন মিয়া, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: 























