এসএসসি পরীক্ষায় জিপিএ–৪ পেয়েছে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকের ‘ফারহানা’ চরিত্র রূপায়নকারী অভিনেত্রী ইসরাত তিথি। রাজধানীর উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই ফলাফল করেছে।
ফল প্রকাশের পর ফেসবুকে দুটো পোস্ট দিয়েছেন ইসরাত তিথি। একটিতে তিনি লেখেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।” কলেজের প্রিন্সিপালের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ইসরাত তিথি লেখেন, “রেজাল্টের পর আমার স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে!”
‘এটা আমাদেরই গল্প’ নাটকের দৃশ্যে দীপা খন্দকার ও ইসরাত তিথি
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত আলোচিত টিভি ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এ নাটকে অভিনয় করতে গিয়ে পড়াশোনায় ছাড় দিতে হয়েছে তাকে। কারণ নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন তিথি। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
ইসরাত তিথি
এসএসসি পরীক্ষার দুই দিন আগেও শুটিং করেছে ইসরাত তিথি। টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল তাকে। শুটিং সেটে কাজের ফাঁকে পড়াশোনা করে এই ফলাফল করেছে তিথি।
‘এটা আমাদেরই গল্প’ নাটকের দৃশ্যে নাদের চৌধুরী ও ইসরাত তিথি
তিন বোনের মধ্যে ছোট ইসরাত তিথি। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। ইসরাত তিথির মেজ বোন সাফিনা বলেন, “ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও।”

রিপোর্টারের নাম 






















