বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলেছেন মেসি। মনুমেন্তাল স্টেডিয়ামের সেই ম্যাচে দলের হয়ে একটি গোলও করেছেন তিনি। গ্যালারিতে বসে মেসির বিদায়ী মুহূর্তের সাক্ষী হয়েছেন আন্তোনেলা ও তাদের তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো।
মনুমেন্তালে মেসিকে ঘিরে দর্শকদের আবেগও ছুঁয়ে গেছে আন্তোনেলার হৃদয়। বছরের পর বছর আর্জেন্টিনার হয়ে মেসির অবদানের প্রতিদান হিসেবেই মানুষের এই ভালোবাসাকে দেখছেন তিনি।
‘তোমাকে এত ভালোবাসায় ঘেরা অবস্থায় দেখা কতটা সুন্দর ছিল। এত মানুষ তোমাকে ধন্যবাদ জানাচ্ছিল এবং এত বছর ধরে তুমি তাদের যা দিয়েছো, তার সবটুকুই যেন তোমার কাছে ফিরিয়ে দিচ্ছিল।’
মেসির প্রতি মানুষের এই ভালোবাসা এক দিনে তৈরি হয়নি এমনটাই মনে করেন আন্তোনেলা। তার মতে, মেসির ব্যক্তিত্ব, বিনয় এবং জাতীয় দলের জার্সির প্রতি নিবেদনই এই ভালোবাসা অর্জনের মূল কারণ।
‘এই ভালোবাসা তুমি অর্জন করেছো। তোমার ব্যক্তিত্ব, তোমার বিনয়, তোমার দায়বদ্ধতা এবং এই জার্সির জন্য সবসময় উজাড় করে দেওয়া তোমার হৃদয় দিয়ে তুমি এই ভালোবাসা গড়ে তুলেছো।
‘তোমার পাশে থেকে এই পথ পাড়ি দিতে পেরে কতটা গর্বিত আমি! আর তোমার জীবনের এত বড় একটি অধ্যায়ের এমনভাবে সমাপ্তি দেখতে পেরে অনুভূতিটা আরও গভীর।’
বার্তার শেষটায় মেসির কাছ থেকে পাওয়া শিক্ষা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আন্তোনেলা। পাশাপাশি জানিয়েছেন, ভবিষ্যতেও তার পাশে থাকার কথা।
‘আমাদের এত কিছু শেখানোর জন্য ধন্যবাদ! আমরা তোমাকে ভালোবাসি, লিও। সব সময় তোমার পাশে আছি।’
আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৫ গোল ও ৬৯টি অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মেসি। তার বর্ণাঢ্য অধ্যায়ে রয়েছে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা। আর সেই অধ্যায়ের শেষ ম্যাচটি দেখেছে মনুমেন্তালের প্রায় ৮৫ হাজার দর্শক। সঙ্গে ছিলেন মেসির সবচেয়ে কাছের মানুষগুলোর একজন আন্তোনেলাও।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 























