কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সংসদ নেতা।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলটির বেপরোয়া কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে।
প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, ‘চোর না শোনে ধর্মের কাহিনী।’ সুযোগ পেলেই এই দলটির যে চরিত্রের পরিবর্তন হয় না, গত কয়েক দিনের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়; বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী।
তারেক রহমান অভিযোগ করেন, ওই দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
বিদেশে অবস্থানরত এসব সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা তাদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়েছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী।
তিনি বলেন, দেশপ্রেমিক জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি।
ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সব গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।
তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া স্লোগান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আবারও আজ সেই আওয়াজ তুলে বলি—ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
বাংলাদেশকে আর কখনো কোনো তাবেদারের হাতে সঁপে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, যাদের হাতে গোলামির জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার শপথ নিয়ে অধিবেশনের সমাপনী বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















