করোনাভাইরাস প্রতিরোধে দেশে বুস্টার ডোজ শুরু হয়েছে। আজ রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) মিলনায়তনে অডিটরিয়াম হলে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রম’-এর উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
যারা করোনার টিকার দুই ডোজ নিয়েছে, তারা ধাপে ধাপে বুস্টার ডোজ পাবে। এজন্য তাদের আর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার প্রয়োজন হবে না।
প্রথমে সম্মুখসারির ব্যক্তিদের (চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তি) বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে অন্যরাও বুস্টার ডোজ পাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। আগে যেভাবে নিবন্ধন করে টিকা নেওয়া হয়েছে, বুস্টার ডোজের ক্ষেত্রে সেভাবে না-ও লাগতে পারে।
তবে কোভিড টিকা বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, আজ উদ্বোধন হচ্ছে। এরপর সুরক্ষা অ্যাপের মাধ্যমে কিভাবে এ টিকা দেওয়ার ব্যবস্থা করা যায়, তা নিয়ে আইসিটি বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।
গতকাল শনিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজ প্রথমে পাবে সম্মুখসারির ব্যক্তিরা। যাদের টিকা নেওয়ার সময় ছয় মাস বা এক বছর হয়ে গেছে, প্রথমে তারাই বুস্টার ডোজ পাবে।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 



















