গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯২ জন।
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন।
২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৪৫৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























