প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বশান্তি রক্ষায় চ্যালেঞ্জ নিয়ে বৈরী পরিবেশে কাজ করে দেশের মুখ উজ্জ্বল করছেন আমাদের দেশের শান্তিরক্ষীরা। যে দেশেই সফরে যায় সে দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন। শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে।’
আজ শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১’ উদযাপন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমরা সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা গর্বের বিষয়, আপনারা বিশ্বশান্তি রক্ষায় কাজ করছেন। যেখানেই যাচ্ছেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন।
বৈরী পরিবেশে দায়িত্ব পালন করতে কষ্ট হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের যারা শান্তিরক্ষায় যাচ্ছে, তাদের উপযুক্ত প্রশিক্ষণ ব্যবস্থা করছি। সব ধরেনের সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থাও করছি। চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যা যা প্রয়োজন সঙ্গে সঙ্গ তাই দেয়ার ব্যবস্থা করছি। যাতে সবচেয়ে সংঘাতপূর্ণ-জটিল জায়গায় আমাদের শান্তিরক্ষীরা আরও সফলভাবে কাজ করতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্বরত শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বপালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন। পেশাদারিত্ব, নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। যখন যে সরঞ্জাম লাগবে, ব্যবস্থা করে দেব।
শান্তিরক্ষী বাহিনী কর্মরত নারীদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী পাইলটদের নিয়ে খুব গর্ববোধ করি। এখন সব জায়গায় মেয়েদের একটা ভালো সুযোগে আছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, পররাষ্ট্র সচিব, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ বিভিন্ন বাহিনী প্রধান ও বিভিন্ন দেশে কর্মরত শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 























