বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাফি জানান, ঘটনার সময় তাঁর মা-বাবা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাঁর মা-বাবা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরেন রাফি। তিনি লেখেন, ‘রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যরা জেগে ওঠায় দুর্বৃত্তরা আগুন ছড়াতে পারেনি। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























