দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ পাস করেছে ৪৯ হাজার ৯২৩ জন।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) মহাখালীর পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের বিল্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
মন্ত্রী জানান, পরীক্ষায় পাস নম্বর পূর্ববর্তী বছরের মতো ৪০ শতাংশ নির্ধারিত ছিল। এর ভিত্তিতে মোট ৪৯ হাজার ৯২৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবারের পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে পুরুষ প্রার্থী ছিল ২০ হাজার ৪৫৭ জন যা উত্তীর্ণ প্রার্থীর ৪০ দশমিক ৯৮ শতাংশ।গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন।ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থেকে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন।
দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন আছে।
আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটে ফল জানতে পারছেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাওয়া যাবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















