করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কোনোরকম ঝুঁকি না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য কোনো এলাকায় সংক্রমণ বেশি হলে স্থানীয় প্রশাসনকে সঙ্গে সঙ্গে সেসব এলাকায় লকডাউন দিতে বলেছেন তিনি।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, উত্তরবঙ্গে দিনাজপুরের করোনা একটু বেড়েছে, যশোরে একটু কমেছে। চাঁপাইনবাবগঞ্জে একটু কমে এসেছে। তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে কোনো এলাকা যদি ব্লক করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে স্থানীয়ভাবে সবাই মিলে সেটা করতে।’
তবে কেন্দ্রীয়ভাবে লকডাউন নিয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এটা নিয়ে এখনো কোনো আলোচনা নেই।’ চলমান বিধিনিষেধ আরও দুই দিন সময় আছে। এটা বৃদ্ধি করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেখা যাক কী হয়!’
করোনাভাইরাসের টিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘টিকা নিয়ে আলোচনা চলছে, ইনশা আল্লাহ ভালো কিছু হবে।’

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 























