মুজিববর্ষে সরকারের উপহার হিসেবে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ঘর দেওয়া হবে। এ পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে ঘর দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ২০ জুন আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আহমদ কায়কাউস বলেন, এর আগে প্রথম দফায় প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারি দ্বিকক্ষবিশিষ্ট সেমি পাকা গৃহ ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনা মূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, “এছাড়া প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের সিনিয়র সচিব ও সচিবরা তাদের নিজস্ব অর্থায়নে ১৬০টি পরিবারকে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ নির্মাণ করে দিয়েছেন। এছাড়া জলবায়ু উদ্বাস্তু পরিবারকে বহুতল ভবনে একটি করে ফ্ল্যাট প্রদানের মাধ্যমে এ পর্যন্ত ৪ হাজার ৪০৯টি পরিবারকে খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনা হয়েছে।”
আহমদ কায়কাউস বলেন, “ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন ও উপপরিচালক (উপসচিব) জাহেদুর রহমান।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 























