সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জামিনের মেয়াদ শেষ হলেই গ্রেফতার হবেন বলে জানিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। আর তার এই বক্তব্যের পর ক্ষোভে ফুঁসে উঠেছেন পিটিআই নেতারা। তীব্র আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
রবিবার (৫ জুন) রানা সানাউল্লাহ ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, একজন ব্যক্তি যিনি দেশে অরাজকতা উসকে দেন, নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা করেন, এমনকি প্রতিপক্ষকে বিশ্বাসঘাতক ও ইয়াজিদও বলেন, গণতান্ত্রিক সমাজে এমন ব্যক্তি কিভাবে রাজনৈতিক দলের প্রধান হন? ইমরান খানের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামিনের মেয়াদ শেষ হলে ইমরান খান গ্রেফতার হবেন।
তার এ বক্তব্যের কয়েক ঘণ্টা পর বিষয়টির নিন্দা জানিয়ে পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি সরকারকে সতর্ক করে বলেছেন, যদি দলের চেয়ারম্যান গ্রেফতার হন তবে তীব্র আন্দোলনে যাবে পিটিআই নেতা-কর্মীরা।
পার্টির কোর কমিটির বৈঠকে অংশ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে শাহ মাহমুদ কুরেশি বলেন, ইমরান খান গ্রেফতার হলে পিটিআই কঠোর পদক্ষেপ নেবে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পেশওয়ার থেকে ফেরার পর তার বানি গালার বাসভবনে এই বৈঠকের সভাপতিত্ব করেন।
কুরেশি আরও বলেন, রানা সানাউল্লাহ যে ইমরান খানকে হুমকি দিয়েছেন তা সবাই শুনেছেন। তিনি বলেন, ইমরান খানকে গ্রেফতার করা হবে একটি রাজনৈতিক ভুল। যদি এটি ঘটে থাকে তাহলে দলের নেতাকর্মীদের এখনই প্রস্তুত নেওয়ার কথাও বলেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 























