সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রন্ত্রীর কোনো বক্তব্য নেই এবং এ ধরনের ঘটনা বন্ধে তাদের কোনো উদ্যোগও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “এ অবস্থায় তাদের চুড়ি পরিয়ে রাখা দরকার।”
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
শুক্রবার রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সীমান্তসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
তিনি বলেন, “সরকারকে বলব, যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। যদি সীমান্ত রক্ষা না করতে পারেন, তাহলে আপনি ‘ভুয়া জাতীয়তাবাদী’।”
তার মতে, “যারা ‘ভুয়া জাতীয়তাবাদী’, তাদের হাতে দেশ নিরাপদ নয়।”
নিহতদের চোরাকারবারি বলে বিজিবির দেওয়া বিজ্ঞপ্তির সমালোচনা করে তিনি বলেন, এতে বাংলাদেশের নাগরিকদের মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
একে ‘ভারতীয় বয়ান’ আখ্যা দিয়ে এ ধরনের অবস্থান থেকে সরে আসতে বিজিবির প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের পর সীমান্তরক্ষী বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।”
এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত এলাকায় খাল খননের পরিকল্পনার কথা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এতে ভারত থেকে মাদক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।
ভারতের সীমান্তে মাদক কারখানা থাকার অভিযোগ তুলে তিনি বলেন, “অনেক সংসদ সদস্য এ ব্যবসার সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি মাদকের সঙ্গে জড়িত কি-না, তা খতিয়ে দেখা দরকার। না হলে বাংলাদেশে মাদক আসে কীভাবে?”
এ সময় তার সঙ্গে এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান উপস্থিত ছিলেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























