রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে ভারী বস্তুর (ডাম্বেল) আঘাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই হাতে থাকা ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে।
আহত অবস্থায় বড় ভাইকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল বলে জানা গেছে।
সোমবার (১ জুন) সকালের দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক সুমন বলেন, তিনি জানতে পেরেছেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রাগান্বিত হয়ে একটি ভারী লোহার বস্তু (ডাম্বল) দিয়ে তার বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এতে বড় ভাই গুরুতর আহত হয়। তিনি আরও বলেন, রক্তাক্ত অবস্থায় বড় ভাইকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ছোট ভাইকে (১৬) আটক করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ঘটনার পর রাত একটার দিকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























