ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রইদ’-এ অভিনয়ের পাশাপাশি গান গেয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন অভিনেত্রী নাজিফা তুষি। ভিন্নধর্মী গল্পের এই সিনেমায় তার অভিনয় যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি কণ্ঠ দেওয়া গানটিও পাচ্ছে ইতিবাচক সাড়া।
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি তুষির কণ্ঠে ‘পাগলীর প্রেম জ্বালা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী, আর সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।
গানটি নিয়ে নাজিফা তুষি বলেন, অভিনয়ই আমার মূল পরিচয়। তবে গান সবসময়ই আমার ব্যক্তিগত ভালোবাসার জায়গা। প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দেওয়ার সময় দর্শক কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলাম।
তিনি আরও বলেন, গানটি প্রকাশের আগেই মঞ্চে গাওয়ার পর ভালো সাড়া পেয়েছি, যা আমাকে অনুপ্রাণিত করেছে। সিনেমার গল্প ও আবহের সঙ্গে গানটির আবেগ গভীরভাবে যুক্ত—সেই অনুভূতি থেকেই গানটি গাওয়ার চেষ্টা করেছি।
সিনেমা প্রসঙ্গে তুষি বলেন, ‘রইদ’ প্রচলিত বাণিজ্যিক ধারার সিনেমা নয়। এটি অনুভূতির জায়গা থেকে দেখার মতো একটি চলচ্চিত্র, যেখানে প্রতিটি মুহূর্তের আলাদা সৌন্দর্য রয়েছে।
মাল্টিপ্লেক্সের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রইদ’ সিনেমাটি সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।
উল্লেখ্য, নাজিফা তুষি প্রথম আলোচনায় আসেন মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সর্বশেষ ঈদুল ফিতরে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘প্রেসার কুকার’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়।

রিপোর্টারের নাম 

























