ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম এ তথ্য জানান।
এর আগে, একইদিন সকালে শহরতলীর সহদেবপুর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজীব (১৯), একই উপজেলার চর খোয়াজ এলাকার শেখ ফরিদের ছেলে মো. আলমগীর (১৯), চর খোয়াজ এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইব্রাহিম ইসলাম রিয়াজ (১৯), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দক্ষিণ টুমচর এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল ইসলাম (২০), বর্তমানে তিনি সোনাগাজী উপজেলার সুজাপুর বেড়িবাঁধ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন, সোনাগাজী উপজেলার চর খোয়াজ এলাকার নুর নবীর ছেলে মো. নাহিদ রানা (২০) এবং পূর্ব সুজাপুর এলাকার আবদুর মান্নানের ছেলে মো. মাঈন উদ্দিন ওরফে সোহাগ মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫ থেকে ২০ জন যুবক মিছিলে অংশ নেন। মিছিলটি শহরতলীর সহদেবপুর এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা নিষিদ্ধ আওয়ামী লীগ, দলটির সভাপতি শেখ হাসিনা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
দুপুরের দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে একদল যুবক সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগই মুখোশ ও মাস্ক পরিহিত ছিল।
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
গত ১৭ জুন সকালেও ফেনী শহরে স্টেশন রোড এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এতে ১০ জনের নাম উল্লেখসহ আরো ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলাতেও ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















