সকালের ব্যস্ততায় হোক কিংবা ছুটির দিনের অলস দুপুরে—কাপড় ধোয়া আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কাপড় ধোয়ার আগে অনেকেই একটি প্রশ্নে দ্বিধায় থাকেন—কাপড় কী আগে ভিজিয়ে রাখা উচিত? আর যদি রাখা হয়, তবে কতক্ষণ? বিশেষজ্ঞরা বলছেন, কাপড় ভিজিয়ে রাখা দাগ ও ময়লা সহজে দূর করতে সাহায্য করলেও অতিরিক্ত সময় ভিজিয়ে রাখলে উল্টো ক্ষতি হতে পারে। তাই কাপড়ের ধরন বুঝে সময় নির্ধারণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাধারণ কাপড়ের জন্য ১৫ থেকে ৩০ মিনিটই যথেষ্ট
প্রতিদিনের ব্যবহারের শার্ট, টি-শার্ট, পায়জামা কিংবা স্কুল ড্রেসের মতো সাধারণ কাপড়ের ক্ষেত্রে ১৫ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখলেই চলে। এতে কাপড়ের ভেতরে জমে থাকা ধুলা, ঘাম ও হালকা ময়লা আলগা হয়ে যায়, ফলে ধোয়ার সময় কম পরিশ্রম হয়।
বেশি ময়লা কাপড়ের ক্ষেত্রে সময় বাড়ানো যেতে পারে
খেলার পোশাক, কাদামাটি লেগে থাকা কাপড় বা অতিরিক্ত ঘামে ভেজা পোশাকের ক্ষেত্রে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত ভিজিয়ে রাখা যেতে পারে। তবে তার বেশি সময় ভিজিয়ে রাখা হলে কাপড়ের তন্তু দুর্বল হয়ে যেতে পারে।
রঙিন কাপড় দীর্ঘ সময় ভিজিয়ে রাখা ঠিক নয়
রঙিন পোশাক বেশি সময় পানিতে থাকলে অনেক সময় রং ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে নতুন কাপড়ের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। তাই রঙিন কাপড় ৩০ মিনিটের বেশি ভিজিয়ে না রাখাই ভালো। নতুন কাপড় হলে আলাদা পানিতে ভিজিয়ে রাখাই নিরাপদ।
নাজুক কাপড়ের জন্য বাড়তি সতর্কতা
সিল্ক, উল, লেস কিংবা সূক্ষ্ম কাপড় দীর্ঘ সময় পানিতে থাকলে সহজেই নষ্ট হতে পারে। এসব কাপড় সাধারণত ৫ থেকে ১০ মিনিটের বেশি ভিজিয়ে রাখা উচিত নয়। অনেক ক্ষেত্রে শুধু হালকা ডিটারজেন্ট মিশ্রিত ঠান্ডা পানিতে ধুয়ে ফেলাই যথেষ্ট।
সারারাত ভিজিয়ে রাখার অভ্যাস কি ভালো?
না। অনেকেই কাপড় রাতে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রেখে সকালে ধুয়ে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, এটি ভালো অভ্যাস নয়। দীর্ঘ সময় ভিজিয়ে রাখলে কাপড়ের রং ফিকে হয়ে যেতে পারে, দুর্গন্ধ তৈরি হতে পারে এবং কাপড়ের তন্তুও ক্ষতিগ্রস্ত হতে পারে।
কাপড় ধোয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো নির্দেশনা থাকে পোশাকের ভেতরের কেয়ার লেবেলে। তাই কোনো কাপড় ধোয়ার আগে লেবেলে দেওয়া নির্দেশনা পড়ে নেওয়া উচিত।
সূত্র: পারসিল লন্ড্রি টিপস

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























