খুলনার রূপসায় প্রতিপক্ষের হামলায় হাসান ওরফে বিহারী হাসান (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যরাত সোয়া ১২টার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখ এর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ৪-৫ দিন আগে হাসানের বাড়িতে ভ্যানে করে কয়েকজন মেহমান আসেন। চালকসহ মেহমানরা বাড়ির ভেতর অবস্থানকালে ভ্যানটি চুরি হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাসান একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারী নামে একজনের নাম প্রকাশ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান স্থানীয় চৌরাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় রাশেদসহ চার-পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা হাসানকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা হাসানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, “পুলিশ ঘটনাস্থল প্রদর্শন করেছে। মামলা করতে নিহতের ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























