বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইরানি ও ইরাকি কর্মকর্তাদের উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটি তেহরানে পৌঁছে দেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি।
ইরানি কর্মকর্তারা বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এবং অতীতে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসের কারণে এই প্রস্তাব যথেষ্ট নয়।
তাদের দাবি, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি বারবার বিলম্বিত, সীমিত বা নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে কার্যত অকার্যকর করা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী, এটি এমন এক ‘দ্বিমুখী নীতি’, যেখানে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক ও সামরিক চাপও অব্যাহত রাখা হয়। তাই ইরানি নেতাদের মতে, কেবল কূটনৈতিক আশ্বাস নয়, বাস্তব ও যাচাইযোগ্য পদক্ষেপের মাধ্যমেই আস্থা অর্জন করতে হবে।
আলী আল-জায়েদি একটি উচ্চপর্যায়ের ইরাকি প্রতিনিধিদল নিয়ে তেহরান সফর করেন। সফরে তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান আলোচক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন।
এই কূটনৈতিক প্রত্যাখ্যানের ঘটনা এমন সময়ে ঘটল, যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের রেলপথ, বিমানবন্দর, সেতু ও সমুদ্রবন্দরসহ বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান পশ্চিম এশিয়াজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
তেহরান বারবার বলেছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি থেকে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটানো হয়েছে, হামলা চালানো হয় সেগুলো ইরানের পাল্টা হামলার বৈধ সামরিক লক্ষ্যবস্তু।
দুই ইরানি কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি ইরানের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে সম্ভাব্য বৃহত্তর যুদ্ধের জন্য দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুতি নিচ্ছে।
তারা সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ইরান পুরো অঞ্চলে তার সামরিক প্রতিক্রিয়া সম্প্রসারণ করবে। এর মধ্যে তেল আবিবে হামলা এবং ইয়েমেনের মিত্রদের সঙ্গে সমন্বয় করে লোহিত সাগরকে আন্তর্জাতিক নৌপথের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করার পদক্ষেপও থাকতে পারে।
সূত্র: নিউইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 

























