মডেল-অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে কয়েক দিন আগে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। ক্রমাগত হত্যার হুমকিও পাচ্ছেন বলে জানিয়েছেন ‘প্রেশার কুকার’খ্যাত স্নিগ্ধা। এ ঘটনার পর রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়েরের খবরও পাওয়া গেছে। ফলে ‘টক অব দ্য সিটিতে’ রূপ নিয়েছেন স্নিগ্ধা। তার এ ঘটনা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
স্নিগ্ধা চৌধুরীর জন্ম রংপুরে। ছোটবেলা থেকেই ফ্যাশন ও অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। রক্ষণশীল পরিবারে তার বেড়ে ওঠা। ফলে মডেলিং করাটা তার জন্য মোটেও সহজ ছিল না। যার কারণে শুরুতে গোপনে মডেলিং করেন তিনি।

পরবর্তীতে পরিবার বিষয়টি জানতে পারে। তবে সেই সময়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে তাকে সমর্থন দেন তার বাবা-মা। জেলা শহর রংপুর থেকে পাড়ি জমান ঢাকায়। ইট-পাথরের এই শহরে পা রেখে পেশাদারভাবে মডেলিং ও অভিনয়ে যুক্ত হন স্নিগ্ধা।

উচ্চ মাধ্যমিক শেষ করে অর্থনীতি বিষয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন স্নিগ্ধা। মূলত, সেই সময়ে মডেলিং শুরু করেন। অর্থাৎ এটি করোনাকালের ঘটনা। ইয়োলো, এক্সট্যাসি, নাবিলা, হাউজ অব আহমেদসহ বেশ কিছু ফ্যাশন ব্র্যান্ডের কাজ করেছন তিনি।

স্নিগ্ধার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। ২০২৪ সালে প্রথমবার বিদেশের মাটিতে ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করেন। ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইন কাউন্সিল (আইএফডিসি) আয়োজিত গ্লোবাল ইন্ডিয়া কুতুর উইকে (জিআইসিডব্লিউ) অংশ নেন স্নিগ্ধা।

ভারতের নয়াদিল্লতে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন ইউক। এতে স্নিগ্ধা ছিলেন শো-স্টপার। এই ফ্যাশন উৎসবে ভারতের নামিদামি তারকা মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করেন স্নিগ্ধা। বেনারসি শাড়ি দিয়ে তৈরি লেহেঙ্গা পরে এই শোয়ে মুগ্ধতা ছড়ান তিনি।

মডেলিংয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি স্নিগ্ধা। অভিনয়েও নাম লিখিয়েছেন। ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক ঘটেছে। চলতি বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

দেশের চারটি অঞ্চল থেকে স্বপ্ন নিয়ে ঢাকায় আসা চারজন নারীর জীবনে ফেস করা অ্যাবিউজ-মিসইউজ, তাদের লাভ স্টোরি, পেশা, চ্যালেঞ্জ সবকিছু নিয়ে ‘প্রেশার কুকার’ সিনেমার গল্প। এতে ‘রাকা’ চরিত্রে অভিনয় করেন স্নিগ্ধা। সিনেমাটি মুক্তির আগে এই অভিনেত্রী বলেছিলেন, “আমার বিশ্বাস মফঃস্বল থেকে ঢাকা আসা প্রতিটি মেয়েই এই গল্পের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। আমি সবসময় নারীর ক্ষমতায়নের পক্ষে। আমার প্রথম সিনেমা বলে যতটা না খুশি, তারচেয়েও নারীর ক্ষমতায়নের সিনেমা বলে আমি বেশি খুশি।”

‘প্রেশার কুকার’ মুক্তির পর আরো কয়েকটি সিনেমায় কাজ করার কথাও জানিয়েছিলেন স্নিগ্ধা। তবে এ নিয়ে আর কোনো আপডেড তথ্য জানাননি এই অভিনেত্রী।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















