সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নেতার বাসার ফটকের সামনে বাজার করার একটি ব্যাগে কাফনের কাপড়, গুলি, আতর, সাবান, গোলাপজলসহ একটি চিঠি দিয়ে তাকে এ হুমকি দেওয়া হয়।
হুমকি পাওয়া নেতার নাম মো. ইসমাইল হোসেন মোল্লা। তিনি উপজেলার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদপ্রার্থী।
শনিবার (৮ আগস্ট) দুপুরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হুমকি সংবলিত চিঠি, কাফনের কাপড় ও গুলিটি আলামত হিসেবে জব্দ করে।
পরিবারের সদস্যরা জানান, ভোর ৫টা ১০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি বাড়ির প্রধান ফটকে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালালে তার ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা হত্যার হুমকি সংবলিত চিঠি দেখতে পান।
চিঠিতে লেখা ছিল, “প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না। কারণ, এই জগৎসংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষ বিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি—অদৃশ্য মুসাফির।”
এ বিষয়ে ইসমাইল হোসেন মোল্লা বলেন, আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় একটি কুচক্রী মহল আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও নিশ্চিহ্ন করার উদ্দেশে এই ন্যক্কারজনক কাজ করেছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও জামগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তালেব বলেন, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























