দেড় যুগ আগে ইমরান হাশমিকে নিয়ে মুহিত সুরি নির্মাণ করেন ‘আওয়ারাপান’ সিনেমা। অ্যাকশন-ক্রাইম ঘরানার সিনেমাটির গান এখনো মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের। ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’ গানগুলো একটি প্রজন্মের কাছে কেবল গান নয়, এগুলো স্মৃতি, আবেগ! গানগুলো এমন এক সময়ের অংশ, যেখান থেকে অনেকেই কখনো বেরিয়ে আসতে পারেননি!
দীর্ঘ ১৯ বছর পর পরিচালক নিতিন কাক্কার নির্মাণ করেছেন ‘আওয়ারাপান’ সিনেমার সিক্যুয়েল। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমরান হাশমি ও দিশা পাটানি অভিনীত ‘আওয়ারাপান টু’ সিনেমা। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে নস্টালজিয়া তুঙ্গে ছিল। অগ্রিম টিকিট বিক্রিতেও ভালো সাড়া পাওয়া গেছে। মুক্তির পরও দর্শক-সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ইমরান হাশমির দুর্দান্ত পারফরম্যান্স স্মৃতি উসকে দিয়েছে দর্শকদের। পাশাপাশি সিনেমাটিতে তারকাদের পারিশ্রমিক নিয়েও আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে—১৯ বছর পর সিনেমাটির জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন?
‘শিবম পণ্ডিত’ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। ২০০৭ সালে এই চরিত্র রূপায়নের জন্য দেড় থেকে ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। ‘আওয়ারাপান টু’ সিনেমার জন্য ইমরান হাশমি নিয়েছেন ১০-১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২-১৫ কোটি টাকা)। অর্থাৎ গত ১৯ বছরে তার পারিশ্রমিক কয়েক গুণ বেড়েছে। এটি শুধু চলচ্চিত্রজগতে তার দীর্ঘ পথচলার প্রতিফলন নয়, বরং সময়ের সঙ্গে মূল সিনেমাটিও যে বিশাল কাল্ট-ভক্তগোষ্ঠী তৈরি করেছে, তারই প্রমাণ।
‘আওয়ারাপান’ সিনেমায় দিশা পাটানি অভিনয় করেননি। না করাই স্বাভাবিক। কারণ তখন এই অঙ্গনে তার অভিষেকই হয়নি। সিনেমাটির দ্বিতীয় পার্টে ‘জারা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি রূপায়নের জন্য দিশা নিয়েছেন ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকার বেশি)।
প্রথমবারের মতো এ সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়েছেন শাবানা আজমি। ‘নাফিজা নওয়াজ’ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য এই অভিনেত্রী। এজন্য তাকে দিতে হয়েছে ২-৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় আড়াই থেকে ছয় কোটি টাকার বেশি)। সিনেমাটির পার্শ্ব চরিত্র রূপায়ন করেছেন সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলিসহ অনেকে। তবে তাদের পারিশ্রমিকের তথ্য পাওয়া যায়নি।
*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















