ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার একসময় চলচ্চিত্রের চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনায় ছিলেন। তবে ২০২৫ সালের পর থেকে তিনি কার্যত জনসমক্ষে অনুপস্থিত। চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন সূত্রের দাবি, নিপুণ বর্তমানে দেশে থাকলেও নিজেকে আড়ালে রেখেছেন।
২০২৫ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হওয়ার পর তাকে আর কোনো চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান কিংবা শিল্পী সমিতির আনুষ্ঠানিক কর্মকাণ্ডে দেখা যায়নি। একসময় নিয়মিত ফেসবুকে সক্রিয় থাকলেও এখন সেখানেও তিনি প্রায় নীরব।
নিপুণকে ঘিরে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০২৫ সালের ১০ জানুয়ারি। সেদিন যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির মুখে তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। পরে জিজ্ঞাসাবাদ শেষে তিনি ঢাকায় ফিরে আসেন।
অভিনয়ের বাইরে নিপুণের ব্যক্তিগত জীবনও বেশ বৈচিত্র্যময়। উচ্চমাধ্যমিকের পর তিনি রাশিয়ায় যান এবং মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও বসবাস করেছেন।
চলচ্চিত্রে তার প্রথম অভিনীত ছবি ‘রত্নগর্ভা মা’ হলেও সেটি আজও মুক্তি পায়নি। মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল ‘পিতার আসন’। ২০১৩ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও অভিষেক ঘটে তার।
ক্যারিয়ারে তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমা, ওটিটি প্রকল্প বা আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণা দেননি।
ফলে ভক্তদের প্রশ্ন—নিপুণ এখন কোথায়—এর নিশ্চিত উত্তর না মিললেও, নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী তিনি বর্তমানে দেশেই অবস্থান করছেন এবং জনজীবন থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে রেখেছেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























