প্রকাশিত সময় :
০৭:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
৫
কলকাতার বিনোদন অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী এবং তনয় শাস্ত্রীর চলমান আইনি বিরোধ। বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে বনগাঁর একটি অনুষ্ঠানে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তনয় শাস্ত্রী। আদালতের নির্দেশে কিছুদিন জেল হেফাজতেও থাকতে হয় তাকে। পরে জামিনে মুক্তি পেয়ে অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তনয়।
তনয়ের দাবি, মামলার শুনানির জন্য আদালত একাধিকবার দিন নির্ধারণ করলেও মিমি চক্রবর্তী ব্যক্তিগতভাবে হাজির হননি। এ অবস্থায় তনয়ের আইনজীবী ও বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতের কাছে অভিনেত্রীর বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন জানিয়েছেন।
নতুন এই আইনি পদক্ষেপ সামনে আসতেই টলিউডে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে পুরো ঘটনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মিমি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পরোক্ষভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
মিমির অভিযোগ, তাকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে এমন কিছু তথ্য প্রচার করা হচ্ছে, যার অনেকটাই যথাযথ যাচাই-বাছাই ছাড়া প্রকাশ করা হচ্ছে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও সতর্কবার্তা দিয়েছেন অভিনেত্রী।
পোস্টে তিনি দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, তার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে সেটির সত্যতা নিশ্চিত করা প্রয়োজন।
মিমির এই বার্তার পর নতুন করে আলোচনায় এসেছে তনয় শাস্ত্রীর সঙ্গে তার আইনি লড়াই। একদিকে মানহানির মামলা, অন্যদিকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ—সব মিলিয়ে ঘটনাটি এখন টলিউডের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।
এখন সংশ্লিষ্ট সবার নজর মামলার পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের দিকে। এই আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার অপেক্ষায় রয়েছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা।