কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে ঘিরে ওঠা ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগের প্রেক্ষাপটে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির নেতারা এ ঘটনায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলেছেন।
শনিবার (১৩ জুন) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ভুক্তভোগী নারীর পরিচয় প্রকাশ করে ছাত্রশিবির সংগঠনটির নীতির পরিপন্থী কাজ করেছে। তিনি বলেন, নারীর অধিকার ও ইসলামী মূল্যবোধের কথা বললেও তাদের কর্মকাণ্ডে ভিন্ন চিত্র ফুটে উঠেছে।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা জিসানের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশে পুনরায় গুমের সংস্কৃতি চালুর দাবি তুলে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন। গুমের মতো গুরুতর বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অভিযুক্ত ব্যক্তির নাম ছাত্রশিবিরের প্রকাশিত কোনো কমিটিতে পাওয়া যায়নি। তিনি দাবি করেন, সংগঠনটির পক্ষ থেকে প্রেমঘটিত সম্পর্কের অভিযোগে বহিষ্কারের কথা বলা হলেও ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ নিয়ে কার্যকর কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি।
গুমের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত গুমের ঘটনাগুলোকে আড়াল করতেই কিছু মহল পরিকল্পিতভাবে ‘গুমের নাটক’ তৈরি করছে। এসব প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বক্তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রাজনৈতিক প্রচারণা ও অপপ্রচারের সমালোচনা করেন। তাঁদের দাবি, এসব কার্যক্রম ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।
ছাত্রদলের নেতারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গুমসহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বন্ধের আহ্বান জানান।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























