বিরতির পর ওটিটি কনটেন্ট দিয়ে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নতুন এই ওয়েব ফিল্মের নাম ‘লাপাত্তা’। পরিচালক মেহেদী হাসান হৃদয়। কমেডি ও থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়েছে। শুটিংয়ের প্রথম দিনেই অংশ নেন নুসরাত ফারিয়া। ছবিতে তার বিপরীতে আছেন রুশো শেখ। আরও অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয় ও অভিনেতা নাসির উদ্দিন খান।
এফডিসির ঝরনা স্পটের পুকুরের পাড়ে ‘লাপাত্তা’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়। আর সেখানে শুটিং হয় একটি নাচের দৃশ্যের। যাতে ব্যবহার করা হয়েছে মনির খান ও কনকচাঁপার গাওয়া ‘এই বুকে বইছে যমুনা’ গানটি। এর আগে ‘প্রেমের তাজমহল’ সিনেমায় গানটি রিয়াজ ও শাবনূরের ঠোঁটে জনপ্রিয় হয়েছিল। এবার পর্দায় গানটির সঙ্গে দেখা যাবে নুসরাত ফারিয়া ও রুশো শেখকে।
ফারিয়া বলেন, ‘গল্পটা চমৎকার। অনেক দিন পর পছন্দের একটি চরিত্র নিয়ে কাজে ফিরতে পেরে ভালো লাগছে।’
পরিচালক জানিয়েছেন, ঢাকার বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন শুটিং চলবে। পরিকল্পনা অনুযায়ী আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘লাপাত্তা মূলত থ্রিলারধর্মী গল্প। এর সঙ্গে কমেডির আবহও থাকবে। ভিন্নধর্মী গল্প ও আয়োজনে দর্শকদের জন্য নতুন ধরনের কাজটি করার চেষ্টা করছি।’
নুসরাত ফারিয়ার প্রথম ওয়েব ফিল্ম ছিল শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’। ২০২১ সালে মুক্তি পায় এটি। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পায় তার অভিনীত ‘পাতালঘর’। যদিও এটি শুরুতে বড় পর্দার সিনেমা হিসেবে নির্মিত হয়েছিল, পরে পরিকল্পনা পরিবর্তন করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। ফারিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’। সিনেমার বাইরে গত কোরবানির ঈদে প্রকাশিত তার গাওয়া গান ‘লোকে বলে’, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং কথা লিখেছেন বাঁধন।

রিপোর্টারের নাম 























