মডেলিং ও অভিনয়ে নিয়মিত ব্যস্ত থাকেন অভিনেত্রী সাফা কবির। বিশেষ করে ছোট পর্দার নাটকে অভিনয়ের কারণে বছরের বেশিরভাগ সময়ই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে এবার সেই ব্যস্ততা থেকে দীর্ঘ বিরতি নিয়েছেন এই অভিনেত্রী।
প্রায় দেড় মাসের ছুটিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাফা। নিজের ক্যারিয়ারে এত দীর্ঘ সময়ের বিরতি এর আগে কখনো এতো লম্বা ছুটি নেননি বলেও জানিয়েছেন তিনি। ছুটির সময়টি বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সুন্দর মুহূর্তের ছবিও শেয়ার করছেন তিনি।
সাফা কবির বলেন, শুটিংয়ের সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ হলেও সময়ের অভাবে সেভাবে উপভোগ করা হয়ে ওঠেনি। তাই এবার লম্বা সময়ের ছুটির সুযোগ পেয়ে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন তিনি।
এই সফরের অন্যতম কারণ তার দীর্ঘদিনের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করা। শৈশব থেকেই একসঙ্গে বেড়ে ওঠা সেই বন্ধু বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। দীর্ঘদিন দেখা না হওয়ায় এবার তার সঙ্গে সময় কাটাতেই মূলত যুক্তরাষ্ট্রে গেছেন সাফা। পাশাপাশি দেশটিতে থাকা পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দেখা করছেন তিনি।
দেড় মাসের ছুটি শেষে দেশে ফিরেই আবারও কাজে ব্যস্ত হয়ে উঠবেন সাফা কবির। তখন নতুন নাটক ও অন্যান্য কাজ নিয়ে দর্শকদের সামনে নিয়মিত হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তার।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















