সরকারি সেবা ও উন্নয়ন সুবিধা প্রান্তিক জনগণের কাছে স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পবা-মোহনপুর আসনের এমপি শফিকুল হক মিলন। একই সাথে তিনি যে কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিম্নমানের উন্নয়নকাজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
সোমবার (২৪ আগস্ট) মোহনপুরে বেশকিছু রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের উপস্থিতিতে এমপি শফিকুল হক মিলন বলেন, “নির্বাচনের সময় আমরা আপনাদের দ্বারে দ্বারে গিয়ে আমানত হিসেবে ভোট চেয়েছিলাম এবং প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের কাজের জবাবদিহিতা থাকবে। সেই আমানতের সঠিক ব্যবহার এবং সরকারি সুযোগ-সুবিধা যেন প্রান্তিক মানুষ সরাসরি পায়, তা নিশ্চিত করতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের মুখোমুখি করা হয়েছে।”
বক্তব্যে দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের এলাকায় কোনো ধরনের দুর্নীতির আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। এমনকি আমার নিজের ভাই বা কোনো আত্মীয়স্বজনও যদি দুর্নীতির অপচেষ্টা করে, তাদেরও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যেকোনো অনিয়মের খবর পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, মোহনপুর উপজেলা প্রকৌশলী রকিব হাসান, উপসহকারী প্রকৌশলী রিপন আলী সরকার ও সাব্বির খন্দকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক : 























