আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) টাইগারদের মিশন আফগানদের হোয়াইটওয়াশ করা। টসের পর বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, আগের দুই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
আফিফ-মিরাজের বীরত্বে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছিল টাইগাররা। পরের ম্যাচে ৮৮ রানের বড় ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে লাল-সবুজের দল। তৃতীয় ওয়ানডে আফগানদের হারালে তাদের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে তামিম বাহিনী। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় রয়েছে গুরুত্ব। বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠা বাংলাদেশ আজও ১০ পয়েন্ট পেতে মরিয়া। সুপার লিগের চলতি চক্রে ১৪ ম্যাচের ১০টিতে জিতে ১০০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ইংলিশদের পয়েন্ট ৯৫।
আজ যদি সফরকারীদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা, পয়েন্ট হবে ১১০। সেক্ষেত্রে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের টিকেট পাওয়ার রাস্তা আরও মসৃণ হবে বাংলাদেশের জন্য। নিয়ম অনুযায়ী, কোনো দল একটি ম্যাচ জিতলে সুপার লিগ টেবিলে যোগ করতে পারে ১০ পয়েন্ট।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান এবং ফজল হক ফারুকি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























