রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাতজন রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ ছিলেন। অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শামীম ইয়াজদানী বলেন, ‘মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নওগাঁর একজন, রাজশাহীর একজন, নাটোরের দুইজন রয়েছেন। এ নিয়ে গত আট দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৬২ জন। যার মধ্যে ৩২ জন করোনা শনাক্ত রোগী।’
হাসপাতাল পরিচালক আরও জানান, সোমবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পজেটিভ রোগী ৯১ জন।

রাজশাহী প্রতিনিধি, 























