দর্শকরা অধীরে অপেক্ষা করে আছে ‘বান্টি অউর বাবলি’-র সিক্যুয়েলের জন্য। ছবিতে একেবারে অন্য রূপে ধরা দেবেন সাইফ আলি খান এবং রানি মুখোপাধ্যায়। ছবি প্রযোজনায় রয়েছে যশ রাজ ফিল্মস। ছবিতে রানিকে ‘ফ্যাশন কুইন অফ ফুরসাতগঞ্জ’ হিসেবে দেখা যাবে। ১২ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন সাইফ ও রানি। সম্প্রতি, মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘ ট্যাটু ওয়ালিয়ে’। গানের ভিডিওতে সাইফ-রানির পাশাপাশি দেখা গেছে আরও দুই বান্টি-বাবলি অর্থাৎ সিদ্ধান্ত-শর্বরীকে। খবর হিন্দুস্তান টাইমস।
গানের ভিডিওতে এই চার অভিনেতাকেই বেশ ঝাঁ চকচকে ট্রেন্ডি অবতারে দেখা গেছে। শঙ্কর-এহসান-লয়ের সুরে বাঁধা এই গানের সুরে পা মিলিয়ে নিজেদের শরীরে আঁকা ট্যাটু প্রদর্শন করতে দেখা গেছে তাদের। তবে সবার মধ্যে নজর কেড়েছেন রানি মুখোপাধ্যায়। আরও ভালো করে বললে রানির পোশাক। রুপোলি রঙের চকচকে নায়িকার সেই পোশাক দেখামাত্রই ২৩ বছর আগের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির স্মৃতি উস্কে উঠেছে দর্শকদের। আর হবে নাইই বা কেন? সেই ছবির ‘কোই মিল গয়া’ গানে তো অবিকল এই একই পোশাকে শাহরুখের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেছিল এই বলি-অভিনেত্রীকে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















