লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদ এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এর আগে বরগুনা প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিদ্যুৎ অফিসের সামনের সড়কে গিয়ে শেষ হয় এবং সেখানে মানববন্ধন করা হয়।
এসব কর্মসূচিতে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরগুনার সাধারণ মানুষের জনজীবন এখন অতিষ্ঠ। আমরা প্রযুক্তি বা পাওয়ার গ্রিডের অজুহাত শুনতে চাই না; কোত্থেকে বিদ্যুৎ আসবে তা-ও আমাদের জানার বিষয় নয়। আমাদের একটাই দাবি— ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।”
তারা আরো বলেন, “বিদ্যুতের এই সংকটের প্রভাব পড়েছে অর্থনীতিতেও। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে, হাজার হাজার জেলে ও মৎস্য ব্যবসায়ী চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন।
সমাবেশে নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মনির হোসেন কামাল বলেন, “নাগরিকদের পক্ষ থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়ন ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে ওজোপাডিকো কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে।”
পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা দাবিসম্বলিত স্মারকলিপি দেন।

বরগুনা প্রতিনিধি 
























