ইতালির সিসিলি অঞ্চলের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের মূল্যবান চারটি চিত্রকর্ম চুরি হয়েছে। শনিবার রাতে মেসিনার আঞ্চলিক আন্তঃবিভাগীয় জাদুঘর থেকে শিল্পকর্মগুলো চুরি করা হয় বলে জানিয়েছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি। খবর বিবিসির।
চুরি হওয়া চারটি শিল্পকর্মের মধ্যে রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এর তিনটি প্যানেল। এছাড়া ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ চিত্রকর্মের একটি দ্বিমুখী প্যানেলও রয়েছে।
জাদুঘরের পরিচালক মারিসা মারকিউরিও জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ঘটনাটি তাদের স্তম্ভিত করেছে এবং এটি জাদুঘর, মেসিনা শহর, স্থানীয় সম্প্রদায় ও পুরো শিল্পজগতের জন্য বড় ধরনের ক্ষতি।
প্রতিবেদন অনুযায়ী, ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ চিত্রকর্মটি একটি সুরক্ষিত প্রদর্শন বাক্সের ভেতর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চুরি হওয়া শিল্পকর্মগুলো কাঠের প্যানেলে আঁকা হওয়ায় সেগুলো সহজে গুটিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল না।
পঞ্চদশ শতাব্দীর শিল্পী আন্তোনেল্লো দা মেসিনা সিসিলিতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। পরবর্তী সময়ে তিনি প্রারম্ভিক রেনেসাঁ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন।
১৪৭৩ সালে আঁকা ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এ মা মেরির কোলে শিশু যিশুকে দেখা যায়। চিত্রটির দুই পাশে সেন্ট গ্রেগরি ও সেন্ট বেনেডিক্টসহ কয়েকজন দেবদূতের অবয়ব রয়েছে।
চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মেসিনার মেয়র ফেদেরিকো বাসিলে। তিনি বলেন, এ ঘটনায় শহরের মানুষের ঐতিহ্য লঙ্ঘিত হয়েছে এবং মেসিনা তার ইতিহাস চুরি হতে দেবে না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতেই ইতালির পার্মার কাছাকাছি একটি জাদুঘর থেকে চুরি যাওয়া তিনটি মূল্যবান চিত্রকর্ম উদ্ধার করা হয়েছিল। সেজান, রেনোয়া ও মাতিসের আঁকা ওই তিনটি শিল্পকর্মের সম্মিলিত মূল্য ছিল প্রায় ৯ মিলিয়ন ইউরো। একটি অপরাধী চক্র মাত্র কয়েক মিনিটের মধ্যে সেগুলো চুরি করেছিল।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























