ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের ওপর অব্যাহত সহিংসতা ও হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও। একইসঙ্গে ওই অঞ্চলে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রবিবার (১৬ আগস্ট) রোমের উপকন্ঠে নিজের ক্যাস্তেল গানদোলফো বাসভবনে আয়োজিত মধ্যাহ্ন প্রার্থনা শেষে দেওয়া এক বক্তব্যে পোপ এসব কথ বলেন।
সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরের ‘কুসরা’ গ্রামে উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও পুরো গ্রাম অবরোধের প্রেক্ষাপটে পোপের এই আহ্বান এলো।
বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ঘেরাও করে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। মূলত ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে প্রস্তাবিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ করাই এসব আগ্রাসনের প্রধান উদ্দেশ্যে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























