সিনেমায় অভিনয়ের জন্য টিভি নাটকে তানজিন তিশার উপস্থিতি ছিল কম। গত বছর সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায় যুক্ত হওয়ার পর নাটকের কাজে নিয়মিত দেখা যায়নি এই অভিনেত্রীকে। প্রায় সাড়ে চার মাস নতুন কোনো নাটকের শুটিংয়ে অংশ না নেওয়ায় তার নাটক ছাড়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। সেই গুঞ্জনে ইতি টেনে আবার নাটকের শুটিংয়ে ফিরেছেন তানজিন তিশা।
জানা গেছে, দুটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। মহিদুল মহিমের ‘ভালোবাসার অভিযান’র পাশাপাশি চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকে অভিনয় করেছেন। ‘প্রথম দেখার পর’ নাটকটিতে তিশার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
শুটিংয়ের ফাঁকে নাটকে ফেরার কারণ জানিয়ে তিশা বলেন, ‘নাটক আমার শিকড় এবং এই জায়গা থেকে নিজেকে কখনও দূরে সরিয়ে রাখতে চাই না। প্রায় সাড়ে চার মাস নাটকের শুটিং করিনি। এ কারণে সবাই ধরে নিয়েছিল, সিনেমার জন্য হয়তো নাটক ছেড়ে দিয়েছি। কিন্তু আমি আগেও বলেছি, আমার শিকড় আমি কখনও ভুলি না। যখন মনে হলো আবার শুরু করা উচিত, তখন নাটকের জন্য শিডিউল দিই। এর আগে আরও একটি নাটকের কাজ করেছি।’
অন্যদিকে তানজিন তিশার সিনেমা ‘সোলজার’র কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। গত বছর সিনেমাটির শুটিং শুরু হলেও একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি রয়েছে। জানা গেছে, আগামী মাসে বাকি অংশের শুটিং শুরু হতে পারে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের শেষদিকে মুক্তি পাবে সিনেমাটি। এতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান।
দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান ও তৌকীর আহমেদসহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























