পরিকল্পনা প্রতিমন্ত্রী জুয়নায়েদ আবদুর রহিম সাকি বলেছেন, দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়, বরং পতিত ফ্যাসিবাদী সরকারের আমদানি-নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির ফলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হলে ঢাকা–কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইরান–ফিলিস্তিন যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে এবং বিশ্ববাজারে দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি জানান, যুদ্ধজনিত মূল্যবৃদ্ধির কারণে সরকারকে অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এতে যেমন আর্থিক চাপ বেড়েছে, তেমনি গ্যাসের সরবরাহও ব্যাহত হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সাকি বলেন, দেশীয় গ্যাস উত্তোলন বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানির মজুদ গড়ে তোলা এবং ভোলায় আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে আনার মতো মধ্যমেয়াদি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এক থেকে দেড় বছরের মধ্যে এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে।
উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছর জনগণের সম্মতি ছাড়া ক্ষমতায় থেকে পূর্ববর্তী সরকার উন্নয়নকে রাজনৈতিক বৈধতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কিন্তু সেই উন্নয়নে মানুষের দৈনন্দিন প্রয়োজন ও পরিকল্পনার ভারসাম্য ছিল না। কুমিল্লার মতো গুরুত্বপূর্ণ শহরে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাতায়াতের দুর্ভোগ তারই উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করতে হলে গণতান্ত্রিক ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে একটি বিকল্প মহাসড়ক এখন সময়ের দাবি। প্রস্তাবিত সড়কটি নির্মিত হলে কুমিল্লার উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।

রিপোর্টারের নাম 






















