রাজশাহীর দুর্গাপুরে ১৩ বছর বয়সী কিশোরী মেয়ের বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা ইসমাইল হোসেন নবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না, এই মর্মে মুচলেকা দিলে পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১৩ বছর বয়সী কিশোরী কন্যার বিয়েকে কেন্দ্র করে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল। বিয়ের অতিথিদের দাওয়াতপত্র দেওয়া, বাড়ির সামনে গেইট নির্মাণসহ বিভিন্ন আয়োজন করেন কনের পিতা। কিশোরী কন্যার বিয়ের আয়োজনের খবর জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাপলা শারমিন কনের বাবার বাড়িতে গিয়ে কনের বয়স সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেন তার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে বাল্যবিয়ের সকল আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনের বাবা ইসমাইল হোসেন নবীকে আটক করা হয়। ভবিষ্যতে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে বিয়ে দেবেন না, এই মর্মে তিনি মুচলেকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাপলা শারমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক : 





















