গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারের গতিরোধ করে প্রায় ৩ কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের কারণে নগদ টাকার চাহিদা বেড়ে যায়। এ পরিস্থিতিতে বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা সংগ্রহ করা হচ্ছিল।
তিনি বলেন, নগদ টাকা নিয়ে প্রাইভেটকারটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির পথ আটকে দেয়। পরে চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে তারা। একপর্যায়ে পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে দুর্বৃত্তরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























