কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় কুমারখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়া শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস টনি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহের মাজার পরিদর্শনে আসেন। তিনিসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ মাজার পরিদর্শন শেষে মাজারের মূল ফটক দিয়ে রাত সাড়ে আটটার দিকে বের হওয়ার সময় অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে এবং লাঠি, বাঁশ, পাইপ, লোহার রড, পাথর ও দেশীয় অস্ত্র দ্বারা হামলা ও মারধর করে। এসময় তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ প্রহরায় মাজার প্রাঙ্গণ থেকে নিরাপদে বের হন তিনি। নিরাপত্তাজনিত পরিস্থিতি অনুকুলে না থাকায় এজাহার করতে বিলম্ব হয় বলেও উল্লেখ করা হয়।
মামলার বিষয়ে আজ শুক্রবার দুপুরে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি, এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
উল্লেখ্য গত ৪ অক্টোবর রাতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখরাবাড়ি পরিদর্শনের সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ প্রহরায় তাকে নিরাপদে ঢাকায় পাঠানো হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























