কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে সাফা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে রিফাতও পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, ঘাগড়া এলাকা থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























